সিরাজগঞ্জে দায়ের হওয়া দুটি মানহানির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার রোববার (১৪ জুন) তার জামিন আবেদন শুনানি শেষে স্থায়ী জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক।
আদালত সূত্রে জানা যায়, এর আগে মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। পরে দুটি মামলায় জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করেন।
এদিন দুপুর আড়াইটার দিকে আমির হামজা সিরাজগঞ্জ আদালতে উপস্থিত হন। এ সময় আদালত প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির কর্ণেল ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান পৃথক মানহানির মামলা দায়ের করেন। পরে নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেন। এরপর রোববার তিনি আদালতে আত্মসমর্পণ করেন এবং শুনানি শেষে দুই মামলায়ই স্থায়ী জামিন লাভ করেন।