মাগুরা সদর উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে একটি বেকারি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১৪ জুন) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ইছাখাদা ছোটব্রিজ এলাকার মেসার্স ঢাকা মহানগর বেকারিতে অভিযান পরিচালানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এছাড়া পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার, উৎপাদিত খাদ্যপণ্যে দুধ ও বাটার ব্যবহার না করেও মোড়কে তা উল্লেখ করেছে।
একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, টয়লেটে হাত ধোয়ার জন্য হ্যান্ডওয়াশের ব্যবস্থা না থাকা এবং খাদ্যপণ্যে অননুমোদিত ফ্লেভার ব্যবহারের মতো অপরাধের সত্যতা যায়।
সজল আহম্মেদ জানান, বিভিন্ন অনিয়ম ও অবস্থাপনার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এদিন অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করে ব্যবসায়ীদের অযৌক্তিকভাবে পণ্যের মূল্য বৃদ্ধি না করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অতিরিক্ত মুনাফা না করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অভিযানের সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী, কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।