নেত্রকোনা সদর উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে মাদরাসার এক শিক্ষক ও এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সকালে উপজেলার আমতলা ও কাইলাটি ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন আমতলা ইউনিয়নের সাপমারা গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে জামাল মুন্সি (৪৫) এবং কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে সবুজ মিয়া (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাপমারা গ্রামের কৃষকদের সঙ্গে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান জামাল মুন্সি। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে সঙ্গে থাকা কৃষকেরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, ‘বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ারও সুযোগ পাওয়া যায়নি।’
অপরদিকে, কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামের সিএনজি চালক সবুজ মিয়া পানিতে ডুবে থাকা জমিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন।
স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে পার্শ্ববর্তী বাজারে টেলিভিশনে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরেন সবুজ মিয়া। রোববার সকালে তিনি জাল নিয়ে মাছ ধরতে ফসলি জমিতে যান। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। কয়েক ঘণ্টা তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা জমিতে গিয়ে তার মরদেহ দেখতে পান।
নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন সরকার জানান, খবর পেয়ে উভয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের জন্য সরকারি আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।