কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি লবণ মাঠে মাটির নিচ থেকে ১০টি হ্যান্ড গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও দুই কেজি গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা নাশকতার উদ্দেশ্যে মজুদ করে রেখেছিল।
রোববার (১৪ জুন) দুপুরে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
মুত্তাকীন সিদ্দিকী জানান, শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় সশস্ত্র গোষ্ঠীর কয়েকজন সদস্য সীমান্ত ব্যবহার করে অস্ত্র ও মাদক মাটির নিচে মজুদ করছে এমন গোপন তথ্য পায় কোস্টগার্ড। খবর পেয়ে কোস্ট গার্ডের একটি বিশেষ দল ঘটনাস্থলে অভিযান চালায়।
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে লবণ মাঠে ব্যাপক তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ১০টি হ্যান্ড গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি এবং দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কমান্ডার মুত্তাকীন সিদ্দিকী বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের চালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কোস্টগার্ডের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।