নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৃষ্টির রাতে চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে কিছু না পেয়ে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তারেককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
রোববার (১৪ জুন) বিকেলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকীম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে অভিযুক্ত তারেককে আটক করা হয়।
ভুক্তভোগী ও তার পরিবার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী দিনমজুর হিসেবে কুমিল্লায় কাজ করেন। দুই সন্তান নিয়ে তিনি ওই বাড়িতে একাই থাকেন। শুক্রবার (১৩ জুন) গভীর রাতে প্রবল বৃষ্টির মধ্যে সবাই যখন ঘুমাচ্ছিল, তারেক তখন টিনের বেড়া কেটে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। এরপর টাকা-পয়সা ও মূল্যবান মালামাল খোঁজাখুঁজি করেন। ঘরে তেমন কিছু না পেয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যান।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকীম বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত তারেককে আটক করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।’