পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেম শেখকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে সোমবার (১৫ জুন) ভোরে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানা পুলিশের একটি দল। অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এর আগের রাতে তাকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আবুল কাশেম শেখ পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাংগী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে। তিনি আর-আতাইকুলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রবিবার সারারাত অভিযান চালিয়েছি। একপর্যায়ে আজ ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এদিকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দল থেকেও বহিষ্কার করা হয়েছে আবুল কাশেমকে। ইউনিয়ন যুবদলের সভাপতি একতেশামুল হক রাজিব ও সাধারণ সম্পাদক বিল্লাল সরদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রোববার রাতে দলীয় সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয় এবং তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশেমকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার প্রতিবাদে ও দোষীকে গ্রেপ্তারের দাবিতে রোববার অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ স্থানীয়রা।