জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সাইদুর রহমান নামের এক বিএনপি নেতার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সাইদুর রহমান উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এরই মধ্যে তাকে নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। এ ঘটনার পর সাইদুরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।
একই সঙ্গে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হলা হয়েছে।
এ বিষয়ে কথা বলতে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
ঘটনার প্রতিক্রিয়ায় গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতির ইয়াবা সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে বলে শুনেছি। একজন দায়িত্বশীল নেতা মাদকের সঙ্গে জড়িত থাকলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।’
আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল বলেন, ‘সাইদুর রহমানের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’