আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩৬ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষ; সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে দায় স্বীকার করেছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জেরার জন্য বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (৩ সেপ্টেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ আদেশ দেওয়া হয়। এর আগে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন সময় প্রার্থনা করেন।
গত ২ সেপ্টেম্বর সাবেক আইজিপি মামুন আদালতে জবানবন্দি দিয়ে বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যা সংঘটিত হয়েছিল এবং তিনি এতে দায়ী। একইসঙ্গে রাজসাক্ষী হয়ে এ ঘটনার বিস্তারিত আদালতে তুলে ধরার অঙ্গীকার করেন।
এ মামলায় ইতিমধ্যে ৩৬ জন সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনেছে শেখ হাসিনা, কামালসহ আসামিদের বিরুদ্ধে। মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগে তথ্যসূত্র, প্রমাণাদি ও শহীদদের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে।