সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মতো বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে কাশিমপুর কারাগারের বন্দি কয়েদিদের মাঝেও। বিশ্বকাপ উপলক্ষে কারাগারের ভেতর রাখা হয়েছে খেলা দেখার ব্যবস্থা।
কারা সূত্রে জানা যায়, কারাগারের বিভিন্ন ওয়ার্ডে টেলিভিশনের মাধ্যমে বন্দিরা বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন। টেলিভিশনের স্বল্পতা থাকলে প্রয়োজন অনুযায়ী প্রজেক্টরের মাধ্যমেও খেলা প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
কারা কর্মকর্তারা জানান, বন্দিদের মানসিক সুস্থতা ও বিনোদনের কথা বিবেচনায় রেখে নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা করা হয়। বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শনের উদ্যোগও তারই অংশ। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বন্দিদের খেলা দেখার সুযোগ দেওয়া হবে।
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার মো. জাকির হোসেন বলেন, ‘আমাদের কারাগারে খেলা দেখানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিভিশনের সংকট রয়েছে, এজন্য প্রয়োজনে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখানো হবে।’
কাশিমপুর কারাগার-২ এর জেলার মো. আবুল হোসেন বলেন, ‘আমাদের কারাগারে প্রায় সাড়ে তিন হাজার কয়েদি রয়েছে। যারা খেলা দেখতে চায়, তারা দেখতে পারবে। প্রায় ৯৫ শতাংশ সেলে বিটিভি রয়েছে, সবগুলোতেই খেলা দেখার ব্যবস্থা করা হবে।’
গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, কারাগারে বন্দিরাও বিশ্বকাপের খেলা দেখবে। ইতোমধ্যে জেলা কারাগার ও কাশিমপুর কারাগারগুলোতে খোঁজ নেওয়া হয়েছে। টেলিভিশনের সংকট থাকলে সেটিও সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে।’