কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়ার কারণে রেলপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল স্থগিত হয়ে পড়ে এবং নির্ধারিত সময়ে কুড়িগ্রাম এক্সপ্রেস স্টেশনে পৌঁছাতে পারেনি।
রেললাইন বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীদের বাস, অটোরিকশা ও সিএনজিযোগে তিস্তা রেলওয়ে স্টেশনে যেতে দেখা গেছে। আকস্মিক এ পরিস্থিতিতে অনেক যাত্রীকে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে।
রেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল কুড়িগ্রাম এক্সপ্রেসের। কিন্তু দুর্ঘটনার কারণে ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। দ্রুত ট্রাকটি অপসারণ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ঢাকাগামী যাত্রী রুবেল মিয়া বলেন, ‘সময়মতো স্টেশনে এসে জানতে পারি ট্রেনটি আসবে না। পরে বাধ্য হয়ে সিএনজিতে তিস্তা স্টেশনের উদ্দেশে রওনা হই। আমার মতো শত শত যাত্রী বিপাকে পড়েছেন।’
বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা বলেন, ‘বালুভর্তি ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়ে লাইন ব্লক হয়ে গেছে। ট্রাক অপসারণের কাজ চলছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।’