নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোর থেকে সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা (৫৫), একই উপজেলার সান্দিকোনা এলাকার আশরাফুল ইসলাম (২৫) এবং মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে রাজিব মিয়া (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা মাছ ধরতে গ্রামের পাশের মোড়াইল বিলে যান। সকাল ৬টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত আশরাফুল ইসলামের মরদেহ বৃহস্পতিবার সকালে সান্দিকোনা গ্রামের শ্মশানসংলগ্ন একটি খাল থেকে উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তিনিও বজ্রপাতে মারা গেছেন।
এদিকে একই দিন ভোর ৫টার দিকে মদন উপজেলার জয়পাশা গ্রামে বাড়ির পাশের পানিতে ডুবে থাকা জমিতে মাছ ধরতে যান রাজিব মিয়া। এ সময় আকাশে মেঘ জমে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। রাজিব পেশায় একটি ইটভাটার শ্রমিক ছিলেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।