ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) কর্মীদের সঙ্গে এক গ্রাহকের পরিবারের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (১৭ জুন) সন্ধ্যায় সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কিসমত দৌলতপুর ধনীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
ইএসডিও কর্মীরা জানান, বেলি আক্তার নামে এক গ্রাহকের কাছে বকেয়া কিস্তির টাকা আদায় করতে তিনজন মাঠকর্মী তার বাড়িতে যান। এসময় তাদের অবরুদ্ধ করে মারধর করা হয়। বিষয়টি অফিসে জানানো হলে আরও কয়েকজন সহকর্মী ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করেন। এ সময় দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের উদ্ধার করে।
অপরদিকে এনজিওকর্মীদের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন গ্রাহক বেলি আক্তার ও তার পরিবারের সদস্যরা। তাদের দাবি, ছয় মাসের জন্য ইএসডিও থেকে ৬০ হাজার টাকা ঋণ নেওয়া হয়েছিল এবং সুদের অর্থ পরিশোধ করা হয়েছে।
বেলি আক্তার জানান, ঘটনার দিন তিনি অসুস্থ অবস্থায় বাড়িতে বিশ্রামে ছিলেন। এ সময় ইএসডিওর নারী ও পুরুষ মাঠকর্মীরা তার ঘরে প্রবেশ করে স্বাক্ষরের জন্য অফিসে যেতে বলেন। তিনি অসুস্থতার কারণে পরদিন যাওয়ার কথা জানালে কয়েকজন কর্মী তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। তবে মারামারির ঘটনা ঘটেনি।
বেলি আক্তারের পরিবারের অভিযোগ, ইএসডিওর কর্মীরা মোটরসাইকেলের চাবি দিয়ে তাদের এক স্বজনকে আঘাত করেন। এর কিছুক্ষণ পরে প্রায় ১৫টি মোটরসাইকেলে ইএসডিওর লোকজন লাঠিসোটা নিয়ে এসে তাদের বাড়িতে হামলার চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসী তাদের অসদাচরণ দেখে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ইএসডিওর কর্মীদের উদ্ধার করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।