প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সোমবার (১৩ জুলাই) সকালে দক্ষিণবঙ্গ সফরে বরিশালের উদ্দেশে রওনা হন তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলজুড়ে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়। টানা বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী।
সকাল থেকেই হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর অপেক্ষায় ছিলেন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মহাসড়ক। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তার গাড়িবহর দক্ষিণবঙ্গের পথে অগ্রসর হয়।
মাদারীপুর-১ আসনের বিএনপির নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। মাদারীপুর-২ আসনের মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান এবং মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহানের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। অন্যদিকে, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের নেতৃত্বে কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ির সামনের অংশে অবস্থান করে হাত নেড়ে মহাসড়কের দুই পাশে অপেক্ষমাণ নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। তার এই অভিবাদনে নেতাকর্মীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
তবে স্বাগত জানানোর পাশাপাশি নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত অংশ দ্রুত ছয় লেনে উন্নীত করার দাবি জানান। তাদের মতে, দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল করতে এ প্রকল্প দ্রুত বাস্তবায়ন প্রয়োজন।
নেতাকর্মীদের আশা, প্রধানমন্ত্রীর এই দক্ষিণবঙ্গ সফরের মাধ্যমে এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে। দীর্ঘ ২২ বছর পর দক্ষিণবঙ্গে তারেক রহমানের সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম দক্ষিণাঞ্চল সফর হওয়ায় বিষয়টিকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।