পাবনার ঈশ্বরদীতে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে ঈশ্বরদী-ঢাকা-পার্বতীপুর রেলপথের ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের আগেই একটি পাওয়ার কার ও একটি যাত্রীবাহী কোচ লাইনচ্যুত হয়। এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
তিনি জানান, লাইনচ্যুত হওয়া পাওয়ার কার ও একটি কোচ ঘটনাস্থলে রেখে ট্রেনটির বাকি অংশ পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ঘটনাস্থলের কাছে আটকে রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু করেছে। দ্রুত উদ্ধারকাজ শেষ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।