ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক বহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশ উপজেলার টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন ।
গ্রেপ্তাররা হলেন—যশোর জেলার মো. আবু কালাম, কিশোরগঞ্জ জেলার মো. বাবুল মিয়া এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মো. রোকন ইসলাম।
পুলিশ জানায়, প্রথম অভিযানে টোলপ্লাজা এলাকায় একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে একই এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি সফিকুল চৌধুরী বলেন, ‘এ ঘটনায় পৃথক দুটি মামলা করে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।