যশোরের বাঘারপাড়া উপজেলায় রুবেল হোসেন (৩৬) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার খাজুরা বাজার তেল পাম্প সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং তেলি ধান্যপাড়া গ্রামের মোনতাজ সরদারের ছেলে।
নিহতের স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
নিহতের ভাই রাজিব হোসেন জানান, রুবেল একটি কুরিয়ার সার্ভিসের গাড়ির চালক ছিলেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি বাড়িতে এসে খাজুরা বাজারের একটি সেলুনে যান। সেলুন থেকে বের হওয়ার পর একই গ্রামের আব্দুর রউফের ছেলে রাব্বি হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় রাব্বির সঙ্গে আরও কয়েকজন ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
স্বজনদের অভিযোগ, হামলাকারীরা রুবেলের বুকে, পিঠে ও মুখে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কিসমোতারা বেগম জানান, রুবেলের শরীরে একাধিক ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।