খুলনার বটিয়াঘাটা উপজেলার ১৩২/১৩৩ কেভি হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিডে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে বড় ধরনের দুর্ঘটনা এড়িয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
বুধবার (১৫ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটের দিকে পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা।
এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মিন্টু হোসেন আগুন দেখতে পেয়ে দ্রুত বিষয়টি গার্ড কমান্ডার (পিসি) মো. বাবুল আক্তারকে জানান। খবর পেয়ে বাবুল আক্তারের নেতৃত্বে দায়িত্বরত আনসার সদস্যরা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।
ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও আনসার সদস্যরা সাহসিকতা ও দক্ষতার সঙ্গে অগ্নিনির্বাপণ কার্যক্রম চালান। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এসব তথ্য জানায়। এতে অঅরও বলা হয়, আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপের ফলে আগুন পাশের স্থাপনা ও গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামোয় ছড়িয়ে পড়তে পারেনি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।
ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনসার সদস্যদের তাৎক্ষণিক সিদ্ধান্ত, সাহসিকতা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের সতর্কতা ও প্রশিক্ষিত দক্ষতার কারণেই এমন জরুরি পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে।