লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত ওয়াজেদ আলী হত্যা মামলায় প্রধান আসামি মামুনুর রশীদ সুমনকে (২৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দীর্ঘ ১৫ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে লালমনিরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ রায় দেন। অপর দিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর সাত আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০১১ সালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ওয়াজেদ আলী প্রধানকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় পাটগ্রাম থানায় হত্যা মামলা করা হয়। দীর্ঘ সময় ধরে সাক্ষ্যগ্রহণ, জেরা এবং উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণা করেন।
মামলায় প্রধান আসামি মামুনুর রশীদ সুমনের বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় সুমন আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
অপর দিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শাহিন পিচ্চি, ফরিদুল ইসলাম ভুট্টু, নুর আলম, লিটন মিয়া, রবিউল ইসলাম, হাফিজুল ইসলাম এবং মামলার অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। একই সঙ্গে তাদের জামিনদারদের মুচলেকা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. গোলাম মোস্তফা বলেন, ‘দীর্ঘ ১৫ বছর পর হলেও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।’
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জানান, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।