কক্সবাজারের রামু উপজেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেটকার ব্যবহার করে ইয়াবা পাচারের সময় তিন সদস্যের একটি চক্রকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকার এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া এলাকার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকার উর্মি আক্তার উষা (১৮)।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি সাদা রঙের টয়োটা সিএইচআর প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো তিনটি প্যাকেট থেকে মোট ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল বলেন, ‘আটক তিনজনের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মামলা করেছেন। সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে মাদক পাচারের এ ধরনের কৌশল অত্যন্ত উদ্বেগজনক। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং ব্যবহৃত স্টিকারটি কীভাবে সংগ্রহ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’