নাগরিক প্রতিদিনে সংবাদ প্রকাশ
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার তিতাস নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও নদী ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের নির্দেশনায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিনের নেতৃত্বে শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্ব পাড়ের ঘাটুরা মৌজায় এ অভিযান পরিচালিত হয়।
এসময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয় এবং প্রায় ৩ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলন ও জমি ভরাটের দায়ে আজিজুল হক লিটনের পক্ষে উপস্থিত প্রতিনিধি মো. জাফর ইমামের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, তিতাস নদীতে অবৈধ বালু উত্তোলন, নদী ভরাট ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, তিতাস নদীতে অবৈধ বালু উত্তোলন ও নদী ভরাটের বিষয়ে সম্প্রতি নাগরিক প্রতিদিনে সংবাদ প্রকাশিত হয়। এরপর জেলা প্রশাসকের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলো।