পিরোজপুরের মঠবাড়িয়ায় সংঘটিত একটি হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মঠবাড়িয়া উপজেলার ঘোপখালী গ্রামের মো. ইউনুস আকনের ছেলে মো. কামরুল আকন এবং চরকখালী গ্রামের মো. টুকু মিয়া হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার। তারা দুজনই বর্তমানে পলাতক।
এ দিকে একই মামলার অপর আসামি মো. ইউসুফ আকনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৭ মে বিকেলে পূর্বশত্রুতার জেরে মঠবাড়িয়া পৌর এলাকার বেতমোর বাজারে মো. হালিম কাজীর ছেলে রাকিবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সেদিনই মঠবাড়িয়া থানায় কামরুল আকন, সোহাগ হাওলাদার, ইউসুফ আকনসহ আরও দুই থেকে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত রায় প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আকন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।