জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যদের আবেগঘন স্মৃতিচারণ এবং গুম থেকে ফিরে আসা মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকনের বক্তব্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন।
আলোচনা সভায় জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যরা তাদের স্বজন হারানোর বেদনাময় স্মৃতি তুলে ধরেন। বক্তব্য দিতে গিয়ে শহিদ শিফাতের বাবা কামাল বেপারী আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে আনিছুর রহমান তালুকদার খোকনের গুম ও নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হলে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, ‘আমি গুম হয়েছিলাম, নির্যাতন সহ্য করেছি। কিন্তু ফিরে এসেছি। আমার সন্তানরা আমাকে দেখতে পায়। যারা গুম হয়ে আর ফিরে আসেননি, তাদের পরিবারের ত্যাগ অনেক বড়। ১৬ জুলাই আবু সাঈদ বুক পেতে বুলেট গ্রহণ করেছিলেন। আমরা সেই বীর শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং জুলাই আন্দোলনের শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের পরিবারের প্রতি সম্মান ও সংহতি প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।