জামালপুরের দেওয়ানগঞ্জে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এক প্রধান শিক্ষককে দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত শিক্ষকের নাম মো. জাহাঙ্গীর আলম। তিনি পৌর শহরের চর ভবশুর সাহাবউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাবে অনিয়ম, যথাযথ অনুমোদন ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত বিদ্যালয়ের এক কর্মচারী সাজাভোগরত অবস্থায় থাকলেও তাকে বেতন প্রদান ও হাজিরা খাতায় স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্তে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাসকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রশাসনের আদেশে বলা হয়েছে, তদন্ত কার্যক্রম যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্তভাবে সম্পন্ন করা যায়, সে জন্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমকে দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে তদন্ত চলাকালে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাছুদুজ্জামানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কোনো ধরনের প্রভাব যাতে না পড়ে, সে জন্য তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’