জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ শুধু একজন শহীদ নন, তিনি জুলাই শহীদদের ইমাম এবং জুলাই বিপ্লবের রূহানী নেতৃত্ব। বৃহস্পতিবার (১৬ জুলাই) রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘২০২৪ সালের এই দিনে রংপুরের সন্তান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে স্বৈরাচারী সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন। বুক পেতে গুলি গ্রহণ করে তিনি শাহাদাত বরণ করেন। তার আত্মত্যাগের মধ্য দিয়েই গণআন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। আবু সাঈদ আমাদের শহীদদের ইমাম, জুলাই বিপ্লবের রূহানী নেতৃত্ব এবং আমাদের সবার পূর্বসূরি।’
তিনি বলেন, ‘আবু সাঈদের পাশাপাশি শহীদ মুগ্ধ, ওয়াসিম, ফারহান ফাইয়াজ, নাঈমা সুলতানা, রিয়া গোপ, হৃদয় চন্দ্র তরুয়াসহ আন্দোলনে প্রাণ দেওয়া সব শহীদকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সঙ্গে আহতদের প্রতিও সম্মান জানাই। এছাড়া আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, আলেম, নারী, প্রবাসী, শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষের অবদানও আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।’
শহীদদের স্মরণ করার পাশাপাশি তাদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘শুধু শ্রদ্ধা নিবেদন করলেই দায়িত্ব শেষ হবে না। যে আদর্শ ও আকাঙ্ক্ষা নিয়ে আবু সাঈদরা জীবন দিয়েছেন, সেই বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘জুলাইয়ের পর দেশের প্রধান তিনটি প্রত্যাশা ছিল—বিচার, সংস্কার এবং নির্বাচন। নির্বাচন হলেও বিচার ও সংস্কারের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। আবু সাঈদ হত্যা মামলার রায় হয়েছে, কিন্তু তা এখনো কার্যকর হয়নি। আপিল দ্রুত নিষ্পত্তি করে রায় বাস্তবায়ন করতে হবে। দেশের মানুষ বিচার কার্যকর হতে দেখতে চায়।’
কবর জিয়ারত শেষে নাহিদ ইসলামসহ এনসিপির নেতারা শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।