সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ফুলজোড় নদীর পশ্চিম পাড় এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তার বড় ভাই মো. হাসান গুরুতর আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমানের মৃত্যু হয়। তিনি রায়গঞ্জের স্থানীয় বস্তা ব্যবসায়ী মো. ফিরোজের ছেলে ও রায়গঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার রাতে এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী মো. তারা শেখের ছেলে টিটোনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টিটোন বার্মিজ ছুরি ও চাপাতি দিয়ে আব্দুর রহমান ও তার বড় ভাই হাসানের ওপর হামলা চালান। এতে দুই ভাই গুরুতর আহত হন।
আহতদের প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আব্দুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। চিকিৎসার একপর্যায়ে তার একটি হাত কেটে ফেলতে হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে, আহত হাসান এখনো শজিমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে পরিবারের দাবি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।