মাদারীপুরের কালকিনি উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র ভূরঘাটায় নবনির্মিত পৌর বাস টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কসংলগ্ন টার্মিনাল প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দীর্ঘদিন ধরে নির্ধারিত বাস টার্মিনাল না থাকায় ভূরঘাটা এলাকায় মহাসড়কের ওপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হতো। এতে প্রায়ই যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়তেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। সেই সমস্যার সমাধানে পৌর প্রশাসনের উদ্যোগে নির্মিত নতুন বাস টার্মিনালটি আনুষ্ঠানিকভাবে চালু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে টার্মিনালের উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, কালকিনি পৌরসভার প্রকৌশলী রাকিব হোসেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন শেষে বক্তব্যে এমপি আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, ‘শুধু টার্মিনাল নির্মাণ করলেই হবে না, এটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খলভাবে রক্ষণাবেক্ষণ করাও সবার দায়িত্ব। তারেক রহমান যে পরিচ্ছন্ন ও আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল হতে হবে। এই টার্মিনালকে এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে এটি দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা বাস টার্মিনাল হিসেবে পরিচিতি পায়।’
স্থানীয়দের মতে, নতুন বাস টার্মিনাল চালু হওয়ায় ঢাকা-বরিশাল মহাসড়কে যানজট কমবে, যাত্রীদের ওঠানামা আরও নিরাপদ ও সুশৃঙ্খল হবে এবং ভূরঘাটা এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।