গাজীপুরের কাশিমপুর পার্ট-৩ (মহিলা) কারাগার থেকে এক বন্দী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কারাগারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটলেও শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বিষয়টি জানাজানি হয়।
পালনো বন্দীর নাম মোছা. রিম্পা (২১)। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তিন মাসের কারাগারের শাস্তি পেয়ে তিনি কাশিমপুর পার্ট-৩ (মহিলা) কারাগারে বন্দী ছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার পর থেকে বন্দী রিম্পাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিশ্চিত হওয়ার পর শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় একটি মামলা করেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে ওই বন্দী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ শুক্রবার বিকেলে থানায় একটি মামলা করেছে।’
এ বিষয়ে জানতে চাইলে কাশিমপুর পার্ট-৩ (মহিলা) কারাগারের সিনিয়র জেল সুপার শিরিন আক্তার বলেন, ‘আমরা এই মুহূর্তে বিষয়টি নিয়ে ব্যস্ত আছি। পরে আপনার সঙ্গে কথা বলবো।’
পুলিশ জানায়, মামলা গ্রহণের পর পলাতক বন্দীকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।