বর্তমান সরকারও ফ্যাসিবাদী সরকারের অনুকরণের দিকেই বিপজ্জনকভাবে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। শনিবার (১৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের নামে গণতন্ত্রের নতুন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিল। তার ভাষ্য অনুযায়ী, উন্নয়নকে গণতন্ত্রের বিকল্প হিসেবে উপস্থাপন করে জনগণের ভোটাধিকারকে গুরুত্বহীন করে তোলা হয়েছিল।’
তিনি বলেন, ‘উন্নয়নের গণতন্ত্রের কথা বলে বাংলাদেশের মানুষের কাছ থেকে গণতন্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছিল। এখন আমার আশঙ্কা, বর্তমান সরকারও নতুন কিছু কর্মসূচিকে সামনে রেখে গণতন্ত্রকে নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করছে।’
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা অন্য কোনো সরকারি সুবিধাকে ভোটাধিকার ও গণতন্ত্রের বিকল্প হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, তবে জনগণ তা মেনে নেবে না।
মামুনুল হক আরও বলেন, বাংলাদেশের প্রতিটি গণআন্দোলন ও ঐতিহাসিক সংগ্রাম মানুষের অধিকার, সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য হয়েছে। তাই জনগণের ভোটাধিকার খর্বের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
কুষ্টিয়া জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।