নদী, খাল, জলাশয় ও পরিবেশ সংরক্ষণে কাজ করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক সংগঠন ‘ঢেউ’-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সোহেল আহাদকে আহ্বায়ক এবং আইফাত ইসলামকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া মহেশ্বরী দীঘিরপাড়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী আকরাম খন্দকার স্বপন, আমিনুল ইসলাম আহাদ ও হীরা আহমেদ জাকির। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মমিনুল হক রুবেল, সানাউল হক, খোকন মিয়া, বশির আহমেদ, ফজল ভূইয়া, দুলাল আহমেদ, কাউছার আহমেদ, আহসান হাবিব জাকারিয়া, মো. জহির উল্লাহসহ আরও অনেকে।
আলোচনা সভায় সংগঠনের পক্ষ থেকে পূর্বঘোষিত সাত দফা দাবি পুনর্ব্যক্ত করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— তিতাস নদীর উৎপত্তিস্থল ভাদুঘর থেকে মেড্ডা শ্মশানঘাট পর্যন্ত ২৬টি খাল পুনরুদ্ধার, টাউন খালের দুই পাশ দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধন, শহরের ২১২টি পুকুর সংরক্ষণ ও সরকারি গেজেটভুক্ত করা, কাউতলী মোড় থেকে ঘাটুরা মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, খালের ওপর নির্মিত অবৈধ মার্কেট উচ্ছেদ, পুরাতন জেলখানার জায়গায় আধুনিক শিশু পার্ক নির্মাণ এবং ব্যাটারিচালিত রিকশার হাইড্রোলিক হর্ন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
সভায় বক্তারা বলেন, নদী, খাল, জলাশয় ও পরিবেশ রক্ষা শুধু প্রকৃতি সংরক্ষণের বিষয় নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করারও অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য শহর গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় নেতারা শহরের প্রায় ১২০ কিলোমিটার ড্রেনে জমে থাকা পলিমাটি অপসারণের দাবি জানান। পাশাপাশি বিভিন্ন স্থানে স্থাপিত ডাস্টবিন অপসারণ করে পাড়া-মহল্লাভিত্তিক ভ্যানের মাধ্যমে বাসাবাড়ি থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহের ব্যবস্থা চালুর জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তাদের মতে, এ ব্যবস্থা চালু হলে শহরের পরিচ্ছন্নতা, পরিবেশ ও সৌন্দর্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।