মাদারীপুরের কালকিনি উপজেলা দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুলতান সরদারকে (৬৫)গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ জুলাই) সকালে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সংসার করলেও দম্পতির কোনো সন্তান ছিল না। এ বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ ও মনোমালিন্য লেগেই থাকত। শনিবার রাত সাড়ে ১১টার দিকে খাবার খেয়ে জোবেদা বেগম ও সুলতান সরদার তাদের ঘরে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে তার স্বামী একটি ধারাল দা দিয়ে ঘুমন্ত অবস্থায় স্ত্রীর গলা কেটে হত্যা করেন। রোববার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।
এদিকে গ্রেপ্তারের পর অভিযুক্ত সুলতান সরদার পুলিশের জিজ্ঞাসাবাদে বলেন, ‘আমাগো কোনো বাচ্চা-কাচ্চা নাই। আমার স্ত্রী ৪২ বছরের সংসারে আমার লগে (সঙ্গে) একটা রাগ কথাও কয় নাই (বলে নাই)। ওরে আমি জবাই করি নাই, শয়তানে আমারে দিয়া করাইছে।’
ওসি জহিরুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে সংঘটিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।