বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জুলাই) রাত ২টার দিকে উপজেলার সরিকল ইউনিয়নের কুরিরচর বাজারে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক স্থানীয়দের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে।
রোববার (১৯ জুলাই) সকালে খবর পেয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। একই দিন পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে।
স্থানীয় ভ্যানচালক শামীম বেপারী জানান, তিনি গভীর রাতে বাজারে চার্জে থাকা নিজের ভ্যান দেখতে যান। এ সময় দুইজন অজ্ঞাত ব্যক্তি বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এসময় তিনি চিৎকার করে স্থানীয়রা এসে আগুন নেভাতে সক্ষম হন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কার্যালয়ের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
কুরিরচর বাজারের ব্যবসায়ী মো. ছিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে একটি বোতলে থাকা কিছু পরিমাণ পেট্রোল উদ্ধার করা হয়েছে, যা অগ্নিসংযোগের ঘটনায় ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সরিকল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মজনু মৃধা বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গৌরনদী উপজেলার সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।