জয়পুরহাটের কালাই উপজেলায় আব্দুল হান্নান (৪২) নামের এক ভ্যানচালককে মাঠের মধ্যে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২১ জুলাই) নিহতের ছেলে বাদী হয়ে কালাই থানায় হত্যা মামলা করেছেন। এরই মধ্যে তহিদুল ইসলাম (৪০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে রোববার (২০ জুলাই) দিনগত রাত ২টার দিকে উপজেলার মাত্রাই ইউনিয়নের শাইলগুন গ্রামের মশপুকরা ব্রিজ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার রাতে মাত্রাই বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন আব্দুল হান্নান। পথে ওঁত পেতে থাকা আসামিরা তার গতি রোধ করে এবং কৌশলে রাস্তার পাশের একটি মাঠে নিয়ে যায়। এরপর হান্নানের হাত-পা বেঁধে তার অণ্ডকোষে রশি দিয়ে চেপে ধরে পৈশাচিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার মৃত্যু নিশ্চিত করতে মুখে ঢেলে আসামিরা পালিয়ে যায়।
এদিকে ঘটনাটি জানাজানি হলে হান্নানের ছেলে আজাদুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি তার বাবাকে মাঠের ভেতর মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে নিজের অটোরিকশায় করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করেন ।
নিহতের ছেলে আজাদুল বলেন, ‘প্রায় ৬-৭ দিন আগে একটি ইজিবাইক বিক্রি নিয়ে আসামিদের সঙ্গে আমার বাবার কথা-কাটাকাটি হয়। সেই ঘটনার জেরে পরিকল্পিতভাবে তারা আমার বাবাকে নির্মম ও পৈশাচিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে। আমি আসামিদের ফাঁসি চাই।’
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।