বরিশালের গৌরনদী পৌরসভার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের রুটির ভেতরে একটি ধারাল ব্লেড পাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি বুধবার (২২ জুলাই) গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে। এ ঘটনার পর অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিন খাওয়ার সময় রুটি ছিঁড়ে ভেতরে একটি ব্লেড দেখতে পায়। বিষয়টি সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহারকে জানানো হয়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সাইফুন নাহার বলেন, বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে জানানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ঘটনার পর শিক্ষার্থীদের অভিভাবকরা টিফিনের মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
এদিকে টিফিনের রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রতিনিধি আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়টি পরিদর্শন করা হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।