মানিকগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের টেলিভিশন, এসি, আলমিরা, সোফাসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে সদর থানার ওসির কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ব্যক্তিগত কাজে তিনি অফিস কক্ষ থেকে বের হওয়ার প্রায় ১০ মিনিট পর কক্ষে আগুন লাগে। পরে আগুনে তার কক্ষের প্রায় সব মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক পদক্ষেপের কারণে আগুন থানার অন্য অংশে ছড়িয়ে পড়েনি।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আজম আলী জানান, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে থানার পক্ষ থেকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নিরূপণ করা হয়েছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যাবে।