বাগেরহাটের সংগ্রামী এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে দাঁড়াতে দেশ-বিদেশের অসংখ্য হৃদয়বান মানুষ এগিয়ে এসেছেন। তার লেখাপড়া অব্যাহত রাখা এবং পরিবারের দুর্দিনে সহায়তার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আর্থিক ও মানবিক সহযোগিতার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে ইকনের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
একই সঙ্গে এদিন বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নগদ অর্থ, খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউদ্দিন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন এবং ইকনের বড় মামা বাবু উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ইকনের শিক্ষাজীবন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পরিবারের প্রয়োজন অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করা হয়েছে।
উল্লেখ্য, বাবার দাফন সম্পন্ন করে সেদিন রাতেই জীবিকার তাগিদে বাংলাদেশ কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ইকনের সংগ্রামী জীবন নিয়ে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপর থেকেই সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।
স্থানীয়দের আশা, মানবিক এই সহায়তা ইকনের উচ্চশিক্ষার পথকে আরও সুগম করবে এবং তার পরিবার নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি পাবে।