মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর বাজারে পুলিশের আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভায় জুলাই-আগস্টের ছাত্র হত্যা মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর উপস্থিতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে কুতুবপুর বাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে এ মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, সভায় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আজাহার হাওলাদার উপস্থিত ছিলেন। তিনি গাড়ি পোড়ানো ও জুলাই-আগস্টের ছাত্র হত্যা মামলার আসামি এবং ওই মামলায় আগে কারাভোগও করেছেন। এ ছাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামাদ মাদবরসহ আরও কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন বলেও অভিযোগ উঠেছে।
সভায় শিবচর থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাকিবুল হাসান, উপপরিদর্শক (এসআই) রিয়াজুর রহমান, ফরহাদ লস্করসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, ছাত্র হত্যা মামলার আসামিদের উপস্থিতিতে পুলিশের সচেতনতামূলক সভা হওয়া অত্যন্ত দুঃখজনক। এতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলেও দাবি করেন তারা।
তাদের মতে, এমন ব্যক্তিদের উপস্থিতি সভার উদ্দেশ্য ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। ভবিষ্যতে সরকারি ও আইনশৃঙ্খলা বাহিনীর আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীদের পরিচয় যাচাইয়ে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তারা।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘এটি ছিল একটি মাদকবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান। আমাদের তদন্ত কর্মকর্তা সেখানে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। সভায় জুলাই হত্যাকাণ্ডের কোনো মামলার আসামি উপস্থিত ছিলেন—এ বিষয়ে তিনি অবগত ছিলেন না এবং ব্যক্তিগতভাবে তাদের চিনতেনও না।’