মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের নির্ধারিত পদযাত্রা ও পথসভার পাশে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে সবজিভর্তি একটি পরিত্যক্ত ব্যাগ থেকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওই এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সমাবেশস্থল থেকে প্রায় ৫০ মিটার দূরে দীর্ঘ সময় ধরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি গাংনী থানা পুলিশকে জানানো হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে। পরে ব্যাগের ভেতরে বোমা সদৃশ একটি বস্তু দেখে সেটি নিরাপত্তার সঙ্গে থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার পরপরই সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে কিছু সময়ের জন্য উদ্বেগ সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করেছে। এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় আনা হয়েছে। বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে। পাশাপাশি কে বা কারা এটি সেখানে রেখে গেছে, সে বিষয়েও তদন্ত চলছে।’