জয়পুরহাটে সৎ মা মরিয়ম বেওয়াকে হত্যার দায়ে সতিনের ছেলেসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কালাই উপজেলার পুনট পাঁচপাইয়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে সুজাউল ইসলাম, মৃত কছিমুদ্দিন মোল্লার ছেলে ছালামত মোল্লা এবং আব্দুর রহমান সরকারের ছেলে মোফাজ্জল হোসেন সরকার। তাদের মধ্যে সুজাউল ইসলাম বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ঘটনার প্রায় আড়াই বছর আগে মরিয়ম বেওয়ার স্বামী নূরুল ইসলাম মারা যান। এরপর তিনি সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন। ২০০৫ সালের ৩১ জুলাই রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়লে, সতিনের ছেলে সুজাউল ইসলামসহ কয়েকজন তার মাকে অসুস্থ দেখার কথা বলে মরিয়ম বেওয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
পরে একটি মাঠে নিয়ে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর মরদেহ একটি পুকুরে ফেলে রেখে ঘটনাটি ধামাচাপা দিতে তিনি পানিতে ডুবে মারা গেছেন বলে প্রচার করা হয়। পরদিন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ভাই ২০০৫ সালের ৭ আগস্ট কালাই থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত সোমবার এ মামলার রায় ঘোষণা করেন।