বরিশালের বাবুগঞ্জ উপজেলায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে নাতির লাথিতে ইয়ারুন নেছা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়ারুন নেছা ওই গ্রামের বাসিন্দা ও রূপচাঁদ মাঝির স্ত্রী।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় ইয়ারুন নেছার ছেলে সোহরাব মাঝি স্থানীয় বাজারে ছিলেন। এ সময় বাড়িতে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে তার ভাগনে মেহেদী হাসানের সঙ্গে পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে ইয়ারুন নেছা এগিয়ে গেলে একপর্যায়ে মেহেদী হাসান তাকে লাথি মারেন। এতে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে সোহরাব মাঝি বলেন, ‘ঘটনার সময় আমি বাজারে ছিলাম। বাড়ি থেকে ফোনে মায়ের অসুস্থ হওয়ার খবর পেয়ে ফিরে এসে জানতে পারি, মেহেদী হাসানের লাথিতে তিনি আহত হয়েছেন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘নাতির লাথিতে এক বৃদ্ধার মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’