মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘মানুষকে হয়রানি করার জন্য জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভোটে নির্বাচিত হয়নি। মানুষের পাশে দাঁড়ানো, তাদের সহযোগিতা করা, দেশের উন্নয়ন এবং স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার লক্ষ্যেই বিএনপি সরকার গঠন করেছে।’
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের খাল ও আজালিয়া বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। মানুষের কল্যাণে এবং দেশের উন্নয়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন সরদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা স্থানীয় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় জলজ সম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক মৎস্যসম্পদ বৃদ্ধি এবং দেশীয় মাছের উৎপাদন বাড়াতে এ ধরনের কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।