জামালপুরের মেলান্দহ উপজেলায় ভেজাল সরিষার তেল উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি অয়েল মিলে অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানায় মজুত থাকা ভেজাল তেল ধ্বংস এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে মেলান্দহ পৌরসভার শাহজাতপুর এলাকায় উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, শশী অয়েল মিল নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এছাড়া কারখানায় ভেজাল সরিষার তেল উৎপাদনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানের মালিক মো. আলিম উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুত থাকা ভেজাল তেল ধ্বংস, কারখানা সিলগালা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, প্রতিষ্ঠানটির ভোজ্য তেল উৎপাদনের কোনো বৈধ অনুমোদন বা প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে আসছিল। অভিযানে তেলে ভেজালের প্রমাণ পাওয়া গেছে। কারখানায় মজুত থাকা সব ভেজাল তেল ধ্বংস করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, এখান থেকে তেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। পরীক্ষাগারের প্রতিবেদনে নমুনাটির কোনো স্বীকৃত ভোজ্য তেলের উপস্থিতি পাওয়া যায়নি। তারা সামান্য সরিষার তেলের সঙ্গে বিভিন্ন উপাদান মিশিয়ে ভেজাল তেল বাজারজাত করছিল, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
তিনি আরও জানান, প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি কোনো ধরনের উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং বিদ্যুৎ সংযোগও পুনর্বহাল করা হবে না।