মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে জুলাই পদযাত্রার সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্যসমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বুধবার (২৯ জুলাই) সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি।
হবিগঞ্জের প্রতিবাদ সমাবেশে যোগ দেবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।
অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল, হবিগঞ্জ জেলা শাখা দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে হবিগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করেছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক এক মুঠোফোন বার্তায় জানান, বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ পৌরসভা মাঠে বিক্ষোভ সমাবেশ হবে। এই সমাবেশে অংশ নেবেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এ ছাড়া কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ও সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
এর আগে, এনসিপির নেতারা জানান, আজমিরীগঞ্জ ও হবিগঞ্জের পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমান ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ জি কে গউছের সমালোচনা করে বক্তব্য দেওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় ফেরার পথে হামলার ঘটনা ঘটে।
একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন লোক এনসিপি নেতাদের মাইক্রোবাস থামিয়ে চালককে মারধর করছে। ভেতরে ছিলেন নেতারা। পরে তাদেরও নামিয়ে মারধর করা হয়। এ সময় ছবি তুলতে যাওয়া নাহিদ আহমেদ নামে এক সাংবাদিককে মারধর করে হামলাকারীরা।
এনসিপি হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল দাবি করেন, সন্ধ্যায় সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে নিয়ে সার্কিট হাউজে যাওয়ার পথে থানার মোড় এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তার স্বার্থে তারা সোনালী ব্যাংক ভবনে আশ্রয় নেন।
এদিকে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাজ রাজিব আহমেদ রিংগন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপি নেতৃবৃন্দ কর্তৃক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উস্কানিমূলকমূলক মিথ্যাচার ও কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, হবিগঞ্জ জেলা শাখা বুধবার দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
এ ছাড়া জেলার সব উপজেলা, পৌরসভা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল হবে। একই কর্মসূচি ঘোষণা করেছে জেলা যুবদল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ।