হবিগঞ্জে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ আদেশ জারি করেন।
আদেশে বলা হয়, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে। অন্যদিকে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি ও হবিগঞ্জ জেলা ছাত্রদল একই সময়ে ও একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।
সমাবেশ দু’টিতে উভয় দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে এবং যেকোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিনষ্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
এতে আরও বলা হয়, হবিগঞ্জ পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবিলম্বে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জনস্বার্থে একান্ত প্রয়োজন।
এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলমসহ দলের নেতাকর্মীরা মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে পূর্বঘোষিত জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচি শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।