বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ৭৮০ কেজি (১৯ মণ) আনারস পাঠিয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে এ উপহারের আনারস বাংলাদেশে পৌঁছায়।
ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের মোট ৬২০টি আনারস ১০০টি বাক্সে করে পাঠানো হয়। প্রতিটি বাক্সে ৫ থেকে ৬টি আনারস ছিল এবং প্রতিটি আনারসের গড় ওজন ছিল এক কেজির বেশি।
আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের জিরো পয়েন্টে উপহার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট কনস্যুল অফিসার পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন।
ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন- কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কর্মকর্তারা।
উপহার হস্তান্তর শেষে ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যেই ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো হয়েছে।