সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের সম্ভুকাঠি ও নওগা ব্লকের ১ হাজার ৪০০ কৃষকের তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রির কাজ চলছে।
বুধবার (২৯ জুলাই) সম্ভুকাঠি ব্লকের ঠেঙ্গারবাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করছেন। কৃষকদের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, ছবি, জমির পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য ট্যাবের মাধ্যমে অনলাইনে সংরক্ষণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে মাঠপর্যায়ের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ডামুড্যা উপজেলায় মোট ১৮ হাজার কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে সম্ভুকাঠি ও নওগা ব্লকের ১ হাজার ৪০০ কৃষকের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নের কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে।
ডামুড্যা উপজেলা কৃষি কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, ‘সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে আমরা তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছি। এর মূল উদ্দেশ্য হলো কৃষকদের একটি নির্ভুল ও হালনাগাদ তথ্যভাণ্ডার তৈরি করা। এর মাধ্যমে প্রকৃত কৃষকরা সরকারি প্রণোদনা, ভর্তুকি, কৃষি উপকরণসহ বিভিন্ন সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে পাবেন।’
তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে দুইটি ব্লকের ১ হাজার ৪০০-এর বেশি কৃষকের তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রির কাজ চলছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে ডামুড্যা উপজেলার সব ইউনিয়নের কৃষকদের কৃষক কার্ডের আওতায় আনা হবে।