কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মো. জুবায়ের (৩৪) নামে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (২৯ জুলাই) দিনগত রাতে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাতে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে নিজ বসতঘর থেকে মসজিদের উদ্দেশে যাচ্ছিলেন জুবায়ের। পথে ইব্রাহিমের বসতঘরের সামনে পৌঁছালে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত দলবদ্ধভাবে তাকে লক্ষ্য করে আনুমানিক পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। গুলিবর্ষণের পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/৫৯ ব্লকে অবস্থিত এমএসএফ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, আরসা ও আরএসওর মধ্যে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ ও গ্রুপিং চলছিল। ওই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।ৃ