পাবনা শহরে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার ও অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে স্কুলছাত্রকে উদ্ধার ও জড়িতদের আটক করা হয়।
আটকরা হলেন, আফনান আহম্মেদ আবির (২১), রাকিব হাসান (১৯), নাজমুস সাদাত নাফি (১৯), বিশাল শেখ সাদ (২২) ও সানজিদ হাসান সুপ্ত (১৯)।
ভুক্তভোগী শিক্ষার্থী ইন্দ্রজিৎ দাস রায় দেব (১৫) পাবনা মহিম চন্দ্র জুবিলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ওসি রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৩ জুলাই পারিবারিক কারণে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় ইন্দ্রজিৎ দাস রায় দেব। পরে বাড়ি না ফেরায় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ২৯ জুলাই পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।
পরে একইদিন ২৯ জুলাই সন্ধান পেয়ে স্বজনরা ইন্দ্রজিৎ দাস রায় দেবকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে রাত ১১টা ৫৫ মিনিটের দিকে পাবনা পৌর সদরের দিলালপুর বেলতলা সড়কে আহম্মেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একদল লোক তাদের রিকশার গতিরোধ করে ইন্দ্রজিৎ দাস রায় দেবকে অপহরণ করে। এ সময় অপহরণকারীরা স্বজনের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে ভুক্তভোগীকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ রাত সাড়ে ১২টার দিকে শহরের দিলালপুর বেলতলা সড়কে শায়েস্তা খাঁর গলি এলাকায় যৌথ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ইন্দ্রজিৎ দাস রায় দেবকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। সেইসঙ্গে অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ইন্দ্রজিৎ দাস রায় দেবকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় উদ্ধার ইন্দ্রজিৎ দাস রায় দেবের মা রিতা রাণী দাস রায় বাদি হয়ে পাবনা সদর থানায় মামলা করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তদের শুক্রবার (৩১ জুলাই) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।