বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে শহরের ইবি রোডে ভাসানী মিলনায়তনের সবুজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ফেসবুকে দেওয়া একটি মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না ও তার পরিবারের অনশন কর্মসূচিতে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়া হয়েছে। তারা এ ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
এদিকে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সমাবেশ থেকে এর প্রতিবাদ জানানো হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি হাজী আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সিনিয়র সহসভাপতি কায়সার পারভেজ কাজল, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, সাংগঠনিক সম্পাদক রাশেল আহমেদ ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক আলামিন প্রামাণিক।
এ ছাড়া বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে বক্তব্য দেন। সিরাজগঞ্জ সদর যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।