শরীয়তপুর পৌর এলাকায় গভীর রাতে মোটরসাইকেল চুরি করতে এসে ধাওয়া খেয়ে একটি বাইসাইকেল, এক জোড়া জুতা ও একটি ছাতা ফেলে পালিয়েছে চোরচক্রের সদস্যরা। বুধবার (২৯ জুলাই) দিনগত রাত ২টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরপালং এলাকার শাহজাহান বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে থাকার সুযোগে চোরচক্রের সদস্যরা মোটরসাইকেল চুরির উদ্দেশ্যে বাড়ির ভেতরে প্রবেশ করে। মোটরসাইকেলটির লক খুলতে গেলে এতে সংযুক্ত নিরাপত্তা সাইরেন বেজে ওঠে। শব্দ শুনে বাড়ির সদস্যরা দ্রুত বাইরে বেরিয়ে এলে চোরেরা পালানোর চেষ্টা করে।
এ সময় বাড়ির লোকজন তাদের ধাওয়া করলে চোরচক্রের সদস্যরা রাস্তায় এক জোড়া জুতা ও একটি ছাতা এবং পাশের একটি ঝোপে তাদের সঙ্গে থাকা একটি বাইসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে বাড়ির সদস্যরা পরিত্যক্ত জিনিসপত্র উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়। চোরদের ফেলে যাওয়া বাইসাইকেল দেখতে আশপাশের লোকজন ভিড় করেন। অনেকেই ঘটনাটি নিয়ে হাস্যরস করে বলেন, ‘চুরি করতে এসে উল্টো লোকসানের মুখে পড়েছে চোরেরা।’
মোটরসাইকেলের মালিক শাওন বেপারী বলেন, ‘রাতে হঠাৎ বাইরে শব্দ শুনে বের হয়ে দেখি আমার মোটরসাইকেল চুরি করার চেষ্টা চলছে। বাড়ির লোকজন ধাওয়া দিলে আমিও তাদের পিছু নিই। তবে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় একটি বাইসাইকেল, এক জোড়া জুতা ও একটি ছাতা ফেলে রেখে গেছে। জুতার সূত্র ধরে তাদের শনাক্তের চেষ্টা করছি।’
স্থানীয় বাসিন্দা রনি বেপারী বলেন, ‘চুরি করতে এসে লাভের বদলে উল্টো লোকসান হয়েছে তাদের। ধাওয়া খেয়ে নতুন একটি বাইসাইকেল, এক জোড়া জুতা ও একটি ছাতা ফেলে পালিয়েছে। বিষয়টি এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে।’
স্থানীয়রা বলছেন, এলাকায় রাতের নিরাপত্তা জোরদার এবং নিয়মিত টহল বাড়ানো প্রয়োজন, যাতে এ ধরনের চুরির চেষ্টা প্রতিরোধ করা যায়।