কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে গভীর রাতে স্পিডবোটে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম ববি (৩৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার গোলাপনগর এলাকার মনি পার্ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
আহত শরিফুল ইসলাম ববি ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তিনি মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনিসহ আরও কয়েকজনের সঙ্গে একটি স্পিডবোটে ছিলেন।
পুলিশ জানায়, স্পিডবোটটি ট্রায়াল দেওয়ার সময় অপর একটি স্পিডবোট থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে শরিফুল ইসলাম ববি গুলিবিদ্ধ হন। পরে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে রাতেই গুলিবিদ্ধ ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, হাসপাতালে ভর্তি রেজিস্টারে আহত ব্যক্তির নাম রয়েছে। তবে পরে তাকে ওয়ার্ডে পাওয়া যায়নি। জরুরি বিভাগের নথিতে তার আঘাতের কারণ হিসেবে ‘গানশট’ উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টায় আহতের স্ত্রী বনি মুঠোফোনে জানান, তার স্বামীর অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। তবে ঘটনার বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, পদ্মা নদীতে চর দখল ও বালুঘাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কয়েকটি সশস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে। অতীতেও এসব গ্রুপের মধ্যে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার সঙ্গে ওই বিরোধের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হয়নি।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। মনি গ্রুপের জুয়েল জানান, তিনি ছুটিতে থাকায় ঘটনা সম্পর্কে কিছু জানেন না। মনি পার্কের ম্যানেজার হুমায়নের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। পার্ক-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’